ছয় দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করায় সোমবার রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে মগবাজার থেকে শুরু করে ফার্মগেট, শাহবাগ, কারওয়ানবাজার পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যহত হয়ে পড়ে। হাতিরঝিল, রামপুরা, মগবাজার, শান্তিনগর, কাকরাইল ও মিন্টু রোড এলাকায়ও ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং দুপুর ১টা পর্যন্ত এই অবস্থা চলে। ফলে শত শত গাড়ি রাস্তায় আটকে পড়ে এবং অফিস যাওয়া আসা করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে পড়ে।
শিক্ষার্থীদের ছয়টি দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
#২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের স্থানান্তর।
#ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করা।
#উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে না পারা।
#কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার।
#কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধিমালা সংশোধন।
#উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করা।