ব্র্যাক ব্যাংক পিএলসিকে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় ব্যাংকটির তিন বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও জিরো-কুপন গ্রিন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।
বিএসইসির তথ্য অনুযায়ী, বন্ডটির ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নির্ধারিত বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
বন্ডটি ইস্যু করে যে অর্থ সংগ্রহ করা হবে, তা দিয়ে ব্র্যাক ব্যাংকের কম খরচের গ্রিন ফাইন্যান্সিং কার্যক্রমে অর্থায়ন করা হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। আর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বন্ডটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত করার ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের মে মাসে পরিচালনা পর্ষদের সভায় সর্বোচ্চ ১ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি গ্রিন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রকাশিত তথ্যে জানা যায়।