ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ সংকট দূর করতে প্রি-পেইড মিটার চালুর উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, নান্দাইল থেকেই প্রি-পেইড মিটার চালুর পাইলট প্রকল্প শুরু করা যেতে পারে।
সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায় এ ব্যবস্থা চালু করা হবে।শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় নান্দাইল উপজেলা প্রশাসনিক হলরুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় বিদ্যুৎ ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রি-পেইড মিটারের ওপর গুরুত্ব দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রি-পেইড মিটার চালু হলে বর্তমানে যে বিশাল অঙ্কের বকেয়া রয়েছে, তা থাকবে না।’
তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সচল ও তদারকি করতে আগামীতে প্রতি দুই থেকে তিন মাস পর পর এ ধরনের সমন্বয় সভা আয়োজন করা হবে।
একই সঙ্গে বিদ্যুৎ গ্রাহকরা যাতে কোনো দালালের মাধ্যমে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, নান্দাইলের বিদ্যুৎ সংকট কাটাতে বর্তমানে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত করা হয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সভায় বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের আহ্বায়ক এনামুল হক বাবুল ও যুগ্ম আহ্বায়ক আলম ফরাজী গ্রাহকদের ভোগান্তি ও বিভিন্ন দাবির বিষয়ে তথ্য ও সুপারিশ তুলে ধরেন।
এ সময় নান্দাইল ও ময়মনসিংহের বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন মতামত দেন।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, নান্দাইল পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার, কারিগরি বিভাগের ডিজিএম ফেরদৌস আহম্মেদ, কানুরামপুর এজিএম মো. আব্দুল্লা আল নোমান ও নান্দাইলের এজিএম অসিম কুমার দাসসহ প্রমুখ।