সৌদি আরবের কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে এবং ভবিষ্যতে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে দেশটি আগ্রহী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি (ইসলামিক সহযোগিতা সংস্থা) পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকের ফাঁকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় সৌদির পররাষ্ট্রমন্ত্রী এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি চিঠি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। একই সঙ্গে দুই দেশের অংশীদারিত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করেছে।
তিনি আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের বিষয়েও উল্লেখ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী দেশটির উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান।