বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে মিছিলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিল থেকে রুহুল কবির রিজভী আহমদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় তাকে অভিনন্দন এবং তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর আগে, কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, রুহুল কবির রিজভী বিএনপির দুঃসময়ের নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন। তার মতো পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, রিজভী আহমদ বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তার ত্যাগ, সাহস, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির বড় শক্তি।
তিনি আরও বলেন, রিজভী আহমদের মতো পরীক্ষিত ও ত্যাগী নেতাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার যোগ্য ও দৃঢ় নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত হবে।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, আমিনুর রহমান চৌধুরী, মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, মো. রফিকুল আলম, মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, সরওয়ার হোসেন মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।