রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাজেক যাওয়ার পথে তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ এ ধরনের স্লোগান দিচ্ছিল। পেছনে থাকা এলাকার যাত্রীরা তা শুনে আমাদের জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে একটি পর্যটকের দল সাজেকের উদ্দেশে রওনা হয়। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে যানজটে পড়ে। এ সময় গাড়ির ভেতর থেকে কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার ফারদিন এহসান হৃদয় (২৪), ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) ও পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।
ওসি তৌফাজ্জল হোসেন জানান, আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। সন্ত্রাসী বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।