কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খন্দকার এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে দৌলতপুর উপজেলা বাজারের দিকে যাচ্ছিলেন এহসান হাবিব। পথে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পেছন থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, এহসান হাবিব আগে থেকেই অসুস্থ ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।