বিদায়বেলায় কেউ দিলেন বাড়ির গাছের লাউ, কেউ নিয়ে এলেন মৌসুমি ফল, আবার কেউ উপহার হিসেবে আনলেন হাঁস-মুরগি ও ডিম। ব্যতিক্রমী এসব উপহারের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেনকে বিদায় জানালেন হরিরামপুর থানা এলাকার স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় থানা প্রাঙ্গণে ওসিকে বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন এবং বিদায়ী ওসি আফজাল হোসেনের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।
এ সময় বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। একই সঙ্গে নবাগত ওসি জেওএম তৌফিক আজমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় ও পুরোনো স্মৃতি নিয়ে আলাপচারিতায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়ী ওসির প্রতি স্থানীয়দের আন্তরিকতা ফুটে উঠেছে ব্যতিক্রমী কিছু উপহারের মাধ্যমেও। কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি নিয়ে আসেন। আনুষ্ঠানিকতার বাইরের এসব উপহার ছিল স্থানীয় মানুষের ব্যক্তিগত ভালোবাসা ও দীর্ঘদিনের সম্পর্কের বহিঃপ্রকাশ।
সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিদায়ের মুহূর্তে অনেকে হাত নেড়ে শুভকামনা জানান।
বিদায়ী ওসির জন্য হাঁস নিয়ে আসা জমেলা বেগম নামে এক নারী বলেন, ‘স্যারে বিদায় অইয়া জাইতাছে। স্যারে অনেক ভালো আছিলো। এই কারণে স্যাররে হাঁস আর মুরগি উপহার দিয়ে দিলাম।’
অন্যদিকে, নিজের গাছের লাউ নিয়ে আসা এক নারী বলেন,‘উনি অনেক ভালো মানুষ। আমাগো বিপদে পাশে থাকছে। আমি খুশি হইয়া স্যারের লাইগা আমার গাছের লাউ নিয়া আসছি।’
চরাঞ্চলের বাসিন্দা আছর আলী বলেন, ‘আমাগো ভালোমন্দ দেখছে সে। চরের নিরাপত্তা দিছে সে। ডাকাত থেকে নিরাপদ ছিলাম আমরা। প্রতি বছর ডাকাতি হইছে, এই বছর কোনো ডাকাতই চরের মধ্যে ঢুকে নাই। খুব শান্তিতে বসবাস করছি। উনার প্রতি দোয়া করি আল্লাহ উনাকে শান্তিতে রাখুক।’
সংবর্ধনা সভায় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ওসি আফজাল হোসেন সুন্দরভাবে হরিরামপুরকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ ও নামাজি মানুষ। তিনি প্রতিদিন সকালে হাঁটার ছলে বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করেছেন। কোন এলাকার কি অবস্থা তা সরজমিনে তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।
নবাগত ওসি জেওএম তৌফিক আজম বলেন, আমাদের বদলির চাকরি। আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুরবাসীর কাছে সহযোগিতা চাই।
বিদায়ী ওসি আফজাল হোসেন বলেন, চাকরি ও বদলি একই সূত্রে গাঁথা। বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিলেন, তা সত্যিই অকল্পনীয়। এ রকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখি নাই। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের কাছে দোয়া চাই।হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্ক ও স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হরিরামপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেওএম তৌফিক আজম দায়িত্ব গ্রহণ করেন। এর পরদিন আজ বিদায়ী ওসিকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।