ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক তারকা পল পগবার পরবর্তী ঠিকানা হতে পারে তুরস্কের দ্বিতীয় স্তরের ফুটবল। ফরাসি এই মিডফিল্ডারকে নিয়ে আগ্রহ দেখিয়েছে বুরসাসপোর। এমনকি তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ফোটোমাচ।
৩৩ বছর বয়সী পগবা বর্তমানে ক্লাবহীন। গত আগস্টে মোনাকোর সঙ্গে তার সম্পর্ক শেষ হয়। ২০২৫ সালে দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে মোনাকোয় ফিরেছিলেন তিনি। তবে চোট ও ফিটনেস সমস্যার কারণে গত মৌসুমে মাত্র ছয়টি লিগ ম্যাচ খেলতে পেরেছেন।
মোনাকো ছাড়ার পর পগবাকে নিয়ে মূলত এমএলএসের ক্লাবগুলোর আগ্রহের কথা শোনা যাচ্ছিল। এবার সেই তালিকায় অপ্রত্যাশিতভাবে যুক্ত হয়েছে বুরসাসপোরের নাম। তুরস্কের দ্বিতীয় স্তরের এই ক্লাবটি তাকে প্রস্তাব পাওয়ার পর সম্ভাব্য দলবদল নিয়ে ভাবছে।
প্রতিবেদন অনুযায়ী, পগবাকে বুরসাসপোরের কাছে তার প্রতিনিধিদের মাধ্যমে প্রস্তাব করা হয়েছে। এরপর দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়। তবে এখনো চুক্তি চূড়ান্ত হওয়ার মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
বুরসাসপোরের নজরও এবার সুপার লিগে ফেরার দিকে। তুরস্কের দ্বিতীয় স্তরের লিগে দলটি শীর্ষসারির লড়াইয়ে রয়েছে এবং মৌসুমের শুরুতে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। ক্লাবটির মূল লক্ষ্যই সুপার লিগে উন্নীত হওয়া।
বুরসাসপোরের বিবেচনায় পগবার অভিজ্ঞতাই বড় আকর্ষণ। ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মতো ক্লাবে খেলার পাশাপাশি ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপও জিতেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন ৯১ ম্যাচ, গোল ১১টি।
তবে পগবার ক্যারিয়ার গত কয়েক বছরে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। ডোপিং নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। নিষেধাজ্ঞা শেষ করে মোনাকোয় ফিরলেও নিয়মিত খেলার সুযোগ পাননি।