দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে অন্যান্যবারের তুলনায় এবার গণপরিবহনের সংকট কম থাকলেও কোনো কোনো পরিবহনের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড় ও যাত্রাবাড়ী মোড়, দুলাইরপাড় এলাকায় ঘরমুখো মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বরিশাল, পিরোজপুর, শরীয়তপুর, মাদারীপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ বিভিন্ন রুটে একের পর এক বাস ছেড়ে যেতে দেখা যায়। কাউন্টারগুলোতে যাত্রীদের ডাকাডাকিও ছিল।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ছুটি শুরু হওয়ায় যাত্রীর চাপ বেড়েছে। তবে পর্যাপ্ত বাস থাকায় এবার পরিবহন সংকট তেমন নেই। অন্যদিকে, যাত্রীদের অভিযোগ, চাপের সুযোগ নিয়ে কোনো কোনো বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
ফেনীর দাগনভূঞার বাসিন্দা সোহেল আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘আমরা যারা শহরে থাকি, নানা ব্যস্ততায় গ্রামে যাওয়া হয় না। এখন বাচ্চাদের ছুটি, অফিসও বন্ধ। তাই গ্রামে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি।’
তিনি বলেন, এবার গণপরিবহনের সংখ্যা যথেষ্ট মনে হচ্ছে।