ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভাদের একজন জে জে গ্যাব্রিয়েল। অথচ মূল দলে অভিষেকের সম্ভাবনা তৈরি হওয়ার মুহূর্তেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার ইচ্ছা জানিয়েছেন ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তায় ইউনাইটেড, আর পরিস্থিতি সামলাতে আলোচনায় যুক্ত হয়েছেন কোচ মাইকেল ক্যারিকও।
গত সপ্তাহে উয়েফা ইয়ুথ লিগে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন গ্যাব্রিয়েল। এর পরই ব্রাইটনের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে ইউনাইটেডের মূল দলে অভিষেকের সম্ভাবনা তৈরি হয় তার। কিন্তু ম্যাচের আগেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন এই কিশোর। ফলে ব্রাইটনের বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচের স্কোয়াডেও জায়গা হয়নি তার।
গ্যাব্রিয়েলের ভবিষ্যৎ নিয়ে ক্যারিকের বক্তব্যে স্পষ্ট, বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে আছে ইউনাইটেড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পুরো পরিস্থিতি নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। সে মাত্র ১৫ বছরের একজন কিশোর। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তরুণ খেলোয়াড়দের দেখভাল করা—তাদের সুস্থতা, ভালো থাকা এবং কতটা আলোচনার মধ্যে আনা হচ্ছে, সেসব বিষয়।’
ক্যারিক আরও জানান, গ্যাব্রিয়েলের ভবিষ্যৎ নিয়ে ক্লাবের ভেতরে আলোচনা চলছে। তবে তার বয়স বিবেচনায় নিয়ে বিষয়টি সামলাতে চান তারা। ইউনাইটেড এখনো আশা করছে, আলোচনা করে গ্যাব্রিয়েলকে ক্লাবে থাকার বিষয়ে রাজি করানো সম্ভব হবে।
গ্যাব্রিয়েলের ক্লাব ছাড়ার ইচ্ছার পেছনে ঠিক কী কারণ, তা এখনো পরিষ্কার নয়। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেডের সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগে কিছু প্রত্যাশা তৈরি হয়েছিল, যেগুলো পূরণ হয়নি বলে মনে করছে খেলোয়াড়টির ঘনিষ্ঠ সূত্রগুলো।
গত মৌসুমে মাত্র ১৪ বছর বয়সেই প্রিমিয়ার লিগ অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় ২৩ গোল করেছিলেন গ্যাব্রিয়েল। পেয়েছিলেন মৌসুমসেরার স্বীকৃতিও। এমন পারফরম্যান্সের পর মূল দলে দ্রুত সুযোগ পাওয়ার প্রত্যাশা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু ইউনাইটেডের কোচিং স্টাফের কেউ কেউ মনে করেন, সিনিয়র ফুটবলে খেলার মতো শারীরিক প্রস্তুতি এখনো পুরোপুরি হয়নি তার।