যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ নিয়ে সতর্ক করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, হরমুজ নিয়ে ট্রাম্প ইরানকে যে তুচ্ছতাচ্ছিল্য করেন সেটি একটি ভুল। তিনি সতর্কতা দিয়ে বলেন, হরমুজ পাহাড়ায় তাদের যে সেনারা আছে তারা এতটাই তৎপর যে সুযোগ পেলে প্রেসিডেন্ট ট্রাম্পের পা-ও ভেঙে দেবে তারা।
রোববার (১৬ আগস্ট) বার্তাসংস্থা আইআরআইবিকে তিনি বলেন, “এসব মন্তব্য নিয়ে ঠাট্টা-মশকরা করা মস্ত বড় ভুল। কারণ এটি ইরান। আর হরমুজ পাহাড়ায় এমন রক্ষকরা আছে তারা আপনার (ট্রাম্পের) পা ভেঙে দেবে।”
তিনি দাবি করেন মার্কিন সেনাদের আরব উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালি থেকে বিতাড়িত করা হয়েছে এবং তাদের আর এখানে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।
এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আর কখনো আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন মেজর জেনারেল হাতামি। তিনি বলেছেন, “ইরান এটি কখনো মেনে নেবে না।”