আরব সাগরে ভারতের একটি যুদ্ধজাহাজে ধাক্কা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ। আর এ ঘটনার প্রতিবাদ জানাতে পাকিস্তানের দূতকে তলব করেছে ভারত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এরআগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার পাক নৌবাহিনীর জাহাজের সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারত জানিয়েছে, তারা এ ঘটনায় নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সের বরাবর প্রতিবাদ জানিয়েছে।
দেশটি দাবি করেছে, পাকিস্তানের নৌবাহিনীর ‘অগ্রহণযোগ্য এবং অপেশাদার আচরণের’ কারণে তাদের যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ভারত আরও বলেছে, পাকিস্তানের সঙ্গে ১৯৯১ সালে তাদের একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল। যেখানে বলা আছে, আন্তর্জাতিক জলসীমায় ভারতের নৌবাহিনীর জাহাজ থেকে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে অন্তত তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখতে হবে।
এ ঘটনার যেন আর না ঘটে সেটি নিশ্চিতে পাকিস্তানি চার্জ ডি’অ্যাফেয়ার্সকে পাকিস্তান সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে বলেও জানিয়েছে ভারত সরকার। এছাড়া ওই ১৯৯১ সালের চুক্তি মেনা চলার প্রয়োজনীয়তাও পাক সরকারকে অবহিত করা বলা হয়েছে ভারতে নিযুক্ত পাকিস্তানের বর্তমান শীর্ষ কর্মকর্তাকে।
পাকিস্তান সরকার এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিন রক্তক্ষয়ী যুদ্ধ চলে। এরপর গতকালই প্রথমবার দুই দেশ আবার সামরিকভাবে মুখোমুখি অবস্থানে চলে এসেছে।
২০১৯ সালের পর থেকে ভারত ও পাকিস্তান একে-অপরের দেশে রাষ্ট্রদূত মোতায়েন করেনি। এরবদলে রাষ্ট্রদূতের পরের পদ চার্জ ডি’অ্যাফেয়ার্স দিয়ে কূটনৈতিক কাজ সারছে তারা।
২০১৯ সালে ভারত জম্মু ও কাশ্মিরের বিশেষ অবস্থা রহিত করে। এর জবাবে পাকিস্তান ভারত থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে আসে।
১৯৯৪৭ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত বড় তিনটি যুদ্ধে লিপ্ত হয়েছে।