এশিয়ান গেমসে বাংলাদেশের নিয়মিত পদক ছিল কাবাডিতে। দুই দশক পর আবার পুরুষ কাবাডিতে পদকের সম্ভাবনা তৈরি হলেও জাপানের কাছে হেরে নানা শঙ্কা তৈরি হয়েছে। আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে ৪৮-২৫ পয়েন্টে হেরেছে। এখন গ্রুপ রানার্সআপ হতে অন্যদের দিকে তাকিয়ে।
বাংলাদেশ দলের কোচ আব্দুল জলিল বলেন, ‘এখন আমরা ভারত ও চাইনিজ তাইপে ম্যাচের দিকে তাকিয়ে আছি। ঐ ম্যাচে ভারত বড় ব্যবধানে জিতলে আমাদের সুযোগ থাকবে। যদি চাইনিজ তাইপে কম ব্যবধানে হারে তখন তারা সেমিনার যাবে।’
চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার। তিন ম্যাচে চাইনিজ তাইপেরও চার। আগামীকাল চাইনিজ তাইপে ভারতের বিপক্ষে হারলে বাংলাদেশের সমান চার পয়েন্টই থাকবে। তখন দুই দলের অর্জিত ও বিপক্ষে পয়েন্টের হিসাব নিকাশ হবে। চার ম্যাচ শেষে পয়েন্ট পার্থক্য এখন -২১। চাইনিজ তাইপের +৯। আগামীকাল ভারতের বিপক্ষে ৩০ পয়েন্টের বেশি ব্যবধানে না হারলে চাইনিজ তাইপে গ্রুপ রানার্সআপ হওয়ার সম্ভাবনা বেশি।
স্বাগতিক জাপানও রয়েছে গ্রুপ রানার্সআপ হওয়ার দৌড়ে। তাদের এখন ২ পয়েন্ট ও ফলাফল পার্থক্য -২৬। আগামীকাল দক্ষিণ কোরিয়াকে ৫ পয়েন্টের ব্যবধানে হারালে তাদেরও সুযোগ থাকবে বাংলাদেশকে পেছনে ফেলে গ্রুপ রানার্সআপ হওয়ার। সেক্ষেত্রে বাংলাদেশ, জাপান ও তাইপে তিন দলের সমান চার পয়েন্ট হবে।
এশিয়ান গেমসে কাবাডির ট্যাকনিক্যাল ডাইরেক্টর সারওয়ার বলেন, ‘ম্যাচ পয়েন্ট সমান হলে আমরা দলগুলোর ম্যাচ ফলাফলের পার্থক্য হিসাব করব। যারা এগিয়ে থাকবে তারা পরবর্তী পর্বে যাবে। যদি এটা সমান হয় তাহলে হেড টু হেড দেখা হবে।’
টুর্নামেন্ট ডিরেক্টর এই প্রতিবেদককে বাইলজ দিতে পারেননি। গেমস শুরু হলেও গতকাল নাকি সভায় সিদ্ধান্ত ও অনুমোদিত হয়েছে রেগুলেশন্স। তাই বাইলজ নিয়েও খানিকটা সংশয় রয়েছে। যদিও টুর্নামেন্ট ডিরেক্টরের দাবি, ‘আগামীকাল গ্রুপের সব খেলা শেষ হলে ভিডিও প্রজেক্টরে সবার সামনে এগুলো দেখানো হবে। যা হবে সবই নিয়ম ও স্বচ্ছতার মধ্য থেকেই হবে।’