নাচের মঞ্চই ছিল তার জীবন। দর্শকদের হাততালি আর উচ্ছ্বাসের মধ্যে নিজের শিল্পীসত্তাকে খুঁজে পেতেন তিনি। কিন্তু মঞ্চের আলোয় ঘেরা জীবনের বাইরেও ছিল বিশ্বাসভঙ্গ, সম্পর্কের টানাপোড়েন, নানা প্রতিকূলতা আর সংকট। এমনই এক শিল্পীর জীবন নিয়ে তৈরি হয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইঠা’।
শুক্রবার প্রকাশ পেয়েছে লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমার ট্রেলার। এতে ভারতের মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা।
ট্রেলারের শুরুতেই লাবণীর ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে দেখা যায় শ্রদ্ধাকে। সামনে দর্শকের বিশাল সমাগম, হাতে আলো নিয়ে শিল্পীর পরিবেশনা উপভোগ করছেন তারা। জমকালো মঞ্চসজ্জার সঙ্গে লোকসংগীতের তালে শ্রদ্ধার নাচে উঠে এসেছে মহারাষ্ট্রের লোকশিল্পের আবহ। তবে শুধু মঞ্চের সাফল্য নয়, শিল্পীর ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতাও তুলে ধরেছে ট্রেলার।