একাদশ (আলিম) শ্রেণিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম ধাপে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ‘কনফার্ম অ্যাডমিশন অথবা অ্যাডমিট’ সম্পন্ন না করলে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক তালিকা www.institute.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে। একই ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ‘কনফার্ম অ্যাডমিশন বা অ্যাডমিট’ সম্পন্ন করতে হবে।
বোর্ড জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ‘কনফার্ম অ্যাডমিশন বা অ্যাডমিট’ সম্পন্ন না হলে পরবর্তী সময়ে রেজিস্ট্রেশনের সময় ওই শিক্ষার্থীর তথ্য তালিকায় পাওয়া যাবে না। তাই ভর্তি নিশ্চায়নের সময় শিক্ষার্থীদের নাম ও তথ্য ভালোভাবে মিলিয়ে দেখার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। একই নামের কারণে যেন একজন শিক্ষার্থীর পরিবর্তে অন্য শিক্ষার্থীর ভর্তি নিশ্চায়ন না হয়, সে বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
ভর্তি নিশ্চায়ন শেষ হওয়ার পর এর প্রিন্ট কপি চূড়ান্ত তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুসরণ করতে হবে।
দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী ভর্তির সময় মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র জমা দিতে না পারলে তার অনলাইন কপি নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। প্রয়োজনে শিক্ষার্থীর মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডও জমা নেওয়া যাবে। তবে পরবর্তী রেজিস্ট্রেশনের সময় মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র জমা দেওয়ার পর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ফেরত দিতে হবে।
শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি নিশ্চায়নের জন্য কোনো পিন কোড নেওয়া যাবে না। কারণ প্রতিষ্ঠান কর্তৃক ‘কনফার্ম অ্যাডমিশন বা অ্যাডমিট’ সম্পন্ন করতে পিন কোডের প্রয়োজন হবে না।
নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিষয় রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে জানানো হবে।