পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই বিরোধী রাজনৈতিক দলের নেতারা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী একটি উদ্দেশ্য সফল করে দেশের সুনাম অর্জন করে দেশে এসেছেন। তিনি ওখানে নিরলসভাবে কাজ করেছেন। কাজ করতে গিয়ে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে রাত ১১টা, কোনোদিন ১২টাও বেজে গেছে।
তিনি বলেন, আমরা ওখানে গিয়েই প্রোগ্রাম শুরু করেছি। মানুষ আমেরিকায় গেলে কী করে? একটু ঘোরাফেরা করে। কিন্তু বিশ্বাস করেন, আমরা হোটেল ছেড়ে তেমন কোথাও বের হতে পারিনি। তারপর আমরা কাজ শেষ করে আবার চলে এসেছি। যখন দেশে আসলাম, তখন আমাদের সফলতা নিয়ে নিউজ হবে, ঠিক না? আমাদের সফলতা নিয়ে কথাবার্তা হবে। প্রধানমন্ত্রীর সফলতা বা সফরের বিষয় নিয়ে আলোচনার সময় এটা। এসব নিয়েই আপনারা টকশো করবেন বিভিন্ন মিডিয়াতে। ঠিক তখন আরেকটি ঘটনা ঘটানো হলো। এমন ঘটনা ঘটানো হলো যে সবগুলো মিডিয়া আর টকশোতে একটা ইস্যু নিয়েই কথা হচ্ছে। পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে। সেই মন্ত্রেই বিরোধী দলের নেতারা চলছে।
তিনি উদাহরণ টেনে আরও বলেন, একজন মানুষকে আপনি সাঁতার কেটে নদী পার হতে বললেন। কিন্তু আপনি যদি তার হাত-পা বেঁধে দেন, তাহলে তো সে সাঁতার কাটতে পারবে না। একটা সরকারকে হাত-পা বেঁধে বলেন যে, সাঁতার কেটে নদী পার হতে হবে— এমন পরীক্ষায় তো কেউ পাস করতে পারবে না। আমি শুধু এটুকুই বলবো, আমরা সহযোগিতা চাই। বারবার আপনাদের কাছে আহ্বান করছি, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি সুন্দর ও সফল বাংলাদেশ গড়তে চান। আপনারা প্লিজ সহযোগিতা করুন।