কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ রাখা হয়েছে জেলা সদর হাসপাতালের মর্গে। আগুনে মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে, দেখে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ফলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু কক্সবাজারে নেই কোনো ডিএনএ ল্যাব। ফলে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে নিহতদের স্বজনেরা হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছেন। প্রিয়জনের নিথর দেহ একনজর দেখা ও শেষবারের মতো কাছে পাওয়ার আকুতি তাদের। সবার মধ্যে উৎকণ্ঠা ও কান্নার রোল।
কিন্তু কক্সবাজারে ডিএনএ পরীক্ষার ল্যাব না থাকায় ঢাকা সিআইডি অপরাধ বিভাগের ফরেনসিক ডিএনএ ল্যাবের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে মরদেহগুলো হস্তান্তর করতে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সদর হাসপাতাল সূত্র।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানিয়েছেন, নিহত ১০ জনের মধ্যে সাতজনের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করতে পেরেছে। তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।