ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ সম্পর্কের কথা অনেকটাই ‘ওপেন সিক্রেট’। উভয়ের সেই সংযোগ কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের মতো অভিযোগ দিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। যা পুনরায় ফিফার সভাপতি হওয়ার চেষ্টারত ইনফান্তিনোর পেরেশানি বাড়িয়ে দিতে পারে!
বিশ্বকাপ শুরুর আগে ‘রিবুট ফিফা’ নামে একটি প্রচারণা শুরু হয়েছিল। যার লক্ষ্য ছিল ফিফার কথিত প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সংস্থাটির ইতিহাসে “সবচেয়ে বড় অভিযোগ” জমা দেওয়া। পরে এই প্রচারণা তাদের অভিযোগের পরিধি বাড়িয়ে টুর্নামেন্টে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্বকাপের পরবর্তীতে বাতিল হওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্পকেও অন্তর্ভুক্ত করেছে।
মঙ্গলবার ফিফার নৈতিকতা কমিটির কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। এর সঙ্গে দেওয়া এক চিঠিতে রিবুট ফিফার আয়োজক ও অধিকারকর্মী সংগঠন ফেয়ার স্কয়ার কমিটিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছিল। তবে নৈতিকতা কমিটি সেটির কোনো জবাব দেয়নি। অবশ্য পরে অভিযোগটির প্রতি সমর্থন জানিয়েছে নরওয়ের ফুটবল ফেডারেশন এবং ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য।
ফেয়ার স্কয়ারের চিঠিতে বলা হয়েছে, ‘জবাবদিহির এই আহ্বানে ১ লাখ মানুষ নিজেদের নাম যুক্ত করেছেন– এটাই জনমনে উদ্বেগ বাড়ার স্পষ্ট প্রমাণ। ফুটবলের সততা ও সুনাম রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত স্বাধীন বিচারিক সংস্থা হিসেবে নৈতিকতা কমিটিকে শুধু ব্যবস্থা নিলেই হবে না; উপযুক্ত দ্রুততা, স্বচ্ছতা ও কঠোরতার সঙ্গে তারা যে ব্যবস্থা নিচ্ছে, সেটিও দৃশ্যমান হতে হবে।’
রিবুট ফিফার অভিযোগের ভিত্তি হিসেবে চিঠিতে আটটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ফেয়ার স্কয়ারের অভিযোগ, এসব ঘটনা জোরালো প্রমাণ দেয় যে ফিফা সভাপতি অন্ততপক্ষে তার ক্ষমতার অপব্যবহার করেছেন, রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্ব লঙ্ঘন করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টায় তার আনুগত্যের দায়িত্বও লঙ্ঘন হয়েছে।
ইনফান্তিনোর বিরুদ্ধে এসব অভিযোগের বিষয় ঠিক তখনই সামনে এসেছে, যখন তিনি পুনরায় ওই পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। যদিও তাকে ঘিরে চাপ রয়েছে উয়েফার পক্ষ থেকে। এ ছাড়া এশিয়ান কনফেডারেশন এবং কনকাকাফও (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন) ইনফান্তিনোর সমালোচনায় মুখর। এর পাশাপাশি তার বিরুদ্ধে উয়েফা যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে।