রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনার দুদিন পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পদত্যাগের ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলনে তিনি মাদক প্রতিরোধে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকার সমালোচনা করেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশরাকের ওই সমালোচনার পর তাৎক্ষণিকভাবে গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তবে, প্রতিমন্ত্রী হয়েও অস্ত্র হাতে অভিযানে গিয়ে ইশরাক হোসেন অপরিপক্বতার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এর বিস্তার রোধে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কার্যক্রম আরও কার্যকর, পেশাদার ও দায়িত্বশীল করার তাগিদ দিয়েছেন তারা।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র পরিচালনায় যার যা দায়িত্ব, তাকে তা নিয়মমাফিক পরিপালন করতে হবে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যেমন কার্যকর ও দায়বদ্ধ ভূমিকার পরিচয় দিতে হবে, তেমনি জনপ্রতিনিধি ও প্রাতিষ্ঠানিক প্রধানদেরও আইনি কাঠামোর ভেতরে থেকে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রতিমন্ত্রীর পদত্যাগ পুলিশ, ডিএনসিসহ সব সরকারি প্রতিষ্ঠান এবং অন্য এমপি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য একটা বার্তা বলে মনে করছেন তারা।