জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে বিভাগীয় শাস্তির মুখে পড়া আরও ৩ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের সব ধরনের বিভাগীয় মামলার দায় থেকেও পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
দণ্ড মওকুফ পাওয়া ৩ কর্মকর্তা হলেন, কর অঞ্চল-২ এর উপ কর কমিশনার নুশরাত জাহান শমী, চট্টগ্রামের কর অঞ্চল-৪ এর যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান ও কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।
এর আগে পৃথক পৃথক আদেশের মাধ্যমে অনুরূপ অভিযোগে শাস্তিপাপ্ত আরও ২১ জন কর্মকর্তা দণ্ড মওকুফ পেয়েছেন। নতুন ৩ জন যুক্ত হওয়ায় মোট ২৪ জন কর্মকর্তা তাদের শাস্তি থেকে রেহাই পেলেন।
এনবিআর সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে ২০২৫ সালে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনে অংশগ্রহণ, কর্মসূচিতে সংশ্লিষ্টতা এবং সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। শাস্তি হিসেবে তাদের বেতন স্কেল ২ থেকে ৩ ধাপ অবনময়ন করা হয়েছিল।
পরে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের কয়েকজন রাষ্ট্রপতির কাছে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি তাদের আবেদন মঞ্জুর করায় সংশ্লিষ্ট দণ্ডাদেশ বাতিল এবং কয়েকজনকে বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।