কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, এই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। জনগণ আমাদের পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। আপনারা বিরোধী দল সংসদে এবং সংসদের বাইরে আমাদের গঠনমূলক সমালোচনা করুন। কেউ কেউ ইচ্ছা করে বেশি পাকনামি দেখাতে যাবেন না, এর ফল ভালো হবে না।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া উপজেলা ও পৌর যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পিতভাবে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে জালাল উদ্দিন বলেন, ৭১-এ যেগুলো করেছে, এগুলো তারা আবার বাংলাদেশে শুরু করছে। ফেসবুক খুললেই দেখা যায়, খালি তারা ধরা পড়তেছে। কিন্তু তাদের কার্যক্রম সরকারের বিরুদ্ধে।
তিনি বলেন, অনেকের সম্পর্কে আমাদের কাছে খবর আসতেছে। পাকনা পাকনা কথা বলেন, পাকনা পাকনা কাজ করেন। এত কিছু করতে যাইয়েন না, এর ফল ভালো হবে না।
জামায়াতের নির্বাচনী বক্তব্যের প্রসঙ্গ টেনে এমপি জালাল বলেন, বিএনপি কত পারসেন্ট ভোট পাইছে? আপনারা কত পারসেন্ট ভোট পাইছেন? আপনারা কয়টা সিট পাইছেন? বিএনপি কয়টা সিট পাইছে? একটুও কি মাথার মধ্যে ঢুকে না?
জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিক্রির অভিযোগ তুলে তিনি বলেন, ‘অথচ জান্নাতের টিকিট বেচতেও পারলেন না। এখন তো জান্নাতের টিকিট বেচার কথা অস্বীকার করেন—না, আমরা ভোটের সময় জান্নাতের টিকিট বিক্রি-বেচার কথা কইছি না। মিথ্যা কথা বলা আপনাদের অভ্যাস।’
জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমলের প্রকৃত আলেম যারা, তারা প্রতিদিন দেখবেন ফেসবুকে বলতেছে, জামায়াতে ইসলামী হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যাবাদীর দল। সবচেয়ে বেশি অনৈতিক কর্মকাণ্ডের দল।’
সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রাকিবুল আলম ছোটন বক্তব্য দেন।
এর আগে দলটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিণ করে পাটমহালে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ উপজেলা ও পৌরবিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।