নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ও কুখ্যাত ডাকাত সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। হামলায় সিদ্ধিরগঞ্জ থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানার এএসআই স্বপন এবং কনস্টেবল হানিফ ও মনির। হামলার পর তাদের নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটি ওয়াপদা কলোনির একটি বাসায় ওয়ারেন্টভুক্ত আসামি সাহেব আলী অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ সদস্যরা সাহেব আলীকে গ্রেপ্তারের চেষ্টা করলে তার সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই স্বপন, কনস্টেবল হানিফ ও মনির আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম বলেন, ওয়াপদা কলোনি এলাকার একটি বাসায় ওয়ারেন্টের আসামিকে ধরতে গেলে অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের নিয়ে খানপুর হাসপাতালে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে পারিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ২০টির অধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে আটি ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় অভিযান চালিয়ে সাহেব আলীকে আটক করেছিল র্যাব-১১। পরে তার সহযোগীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় র্যাবের তিন সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি আহত হন।