ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে সজোরে ধাক্কা দেয় রয়েল কক্স নামের একটি বিলাসবহুল স্লিপার বাস। এতে বাসটির গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। তবে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) ভোরে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের অদূরে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল রয়েল কক্স নামের বিলাসবহুল স্লিপার বাসটি। ভোর ৫টার দিকে ইলিয়টগঞ্জ এলাকায় রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই বিকট আওয়াজ হলে তাড়াহুড়ো করে বাসের সকল যাত্রী নেমে যান। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়লে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
ওসি জাকির হোসেন শিকদার বলেন, ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম ছিল, ফলে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা দিলে আগুন লেগে যায়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। আমরা বাসটিকে উদ্ধার করে থানায় এনেছি। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।