নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকার একটি ২০ শতাংশ জমি নিয়ে স্থানীয় মোস্তাক আহমেদ এবং প্রতিপক্ষ বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে এবং সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি মোস্তাকের।
শনিবার দুপুরে মোস্তাক আহমেদ ও তার পরিবারের সদস্যরা বিতর্কিত ওই জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মোস্তাক আহমেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবি পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মোস্তাক আহম্মেদ দাবি করেন, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কয়েকজনকে আহত করেন এবং তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বকুল মিয়া জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় তাদের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। উভয় পক্ষকে বিরোধ নিষ্পত্তির সুযোগ দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।