মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র। এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। তবে তার আগে বিশেষ চমক নিয়ে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। ২০১৯ সালের ইতিহাস গড়া এই সিনেমা বিশেষ সংযোজনসহ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম এনকোর’।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলবে এটি। এর সঙ্গে থাকছে আরেক চমক ‘মিউটিনি’। জেসন স্ট্যাথাম অভিনীত সিনেমাটিও একই দিন মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র মূল প্রেক্ষাপট সহজে বুঝতে পেছনের গল্পের ধারাবাহিকতা মনে রাখা জরুরি। সেটার জন্যই পুনরায় ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’কে পর্দায় আনছে মার্ভেল। পুরনো সিনেমাটির সঙ্গে প্রায় চার মিনিটের দৃশ্য যুক্ত করা হয়েছে। ফলে বড় পর্দায় চেনা উত্তেজনাপূর্ণ দৃশ্যের সঙ্গে নতুনত্বও পাবে দর্শক।
অন্যদিকে ‘মিউটিনি’ আন্তর্জাতিক বাজারে মুক্তি পায় ২১ আগস্ট। অ্যাকশন-থ্রিলার সিনেমাটি এবার দেশের বড় পর্দায় দেখা যাবে। জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত এই সিনেমায় জেসন স্ট্যাথামের পাশাপাশি অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার, জেসন ওং, আরনাস ফেদারাভিচুসহ অনেকে।
বিশাল কার্গো জাহাজের ভেতরে বন্দুকযুদ্ধ, মারামারি, ধাওয়া এবং বিস্ফোরণের পাশাপাশি জেসন স্ট্যাথামের পরিচিত সেই অ্যাকশন দৃশ্য। কখনও তাকে একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে দেখা যায়, কখনও আবার বিপজ্জনক পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। এক দিকে সমুদ্রের বিশালতা, অন্যদিকে জাহাজের সীমিত পরিসরে সংঘাতের তীব্র্রতা অন্যরকম এক আবহ তৈরি করে। সবমিলিয়ে বড় পর্দায় সিনেমাটি দর্শককে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা দেবে।