আঙুলের চোটের কারণে এশিয়ান গেমসের পাকিস্তান দল থেকে ছিটকে গেছেন পেসার সালমান মির্জা। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
গত জানুয়ারিতে পাকিস্তানের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ওয়াসিম। বেশ কয়েক মাস পর এবার এশিয়ান গেমস দিয়ে আবারো দলে ফিরলেন এই পেসার।
১৫ সদস্যের পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন ওপেনার সাহিবজাদা ফারহান। তারুণ্য নির্ভর দলে বেশ কয়েকজন অনভিষিক্ত ক্রিকেটার রাখা হয়েছে। এই তালিকায় আছেন আকিফ জাভেদ, আলি রাজা, মাজ সাদাকাত ও সাদ মাসুদ।
আগামী সোমবার কোয়ার্টার ফাইনাল দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করবে পাকিস্তান। তবে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
এশিয়ান গেমসে পাকিস্তানের আগের সাফল্য খুব বেশি নয়। ২০১০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল তারা। তবে ২০১৪ সালের আসর এবং সর্বশেষ আসরে বাংলাদেশের কাছে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে যায় পাকিস্তান।