ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারের দায়িত্ব পেয়েছেন ডেভিড বুন। আগামী ২৮ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন আইসিসির সাবেক এই ম্যাচ রেফারি।
বোর্ডের বার্ষিক সাধারণ সভায় মাইক বেয়ার্ড সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে বুনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ছয় বছর ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডে কাজ করেছেন বেয়ার্ড, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে সভাপতিত্ব করছিলেন। সম্প্রতি তিনি পুনরায় দায়িত্ব না নেওয়ার কথা বোর্ডকে জানিয়ে দেন। আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হবেন বুন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বুন সিএ বোর্ডে যোগ দেন। তার আগে ক্রিকেট তাসমানিয়া বোর্ডের পরিচালক ছিলেন ৯ বছর, এর মধ্যে তিন বছর ছিলেন সভাপতি। সাবেক অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেটারের ঝুলিতে ক্রিকেট ও প্রশাসনে বড় অভিজ্ঞতা রয়েছে। তিনি আইসিসির ম্যাচ রেফারিও ছিলেন। ক্রিকেট তাসমানিয়ার ক্রিকেট মহাব্যবস্থাপকের দায়িত্বও পালন করেছেন এক সময়।
২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন বুন। নতুন দায়িত্ব পাওয়ার খবরে তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ের ক্লাব থেকে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি বোর্ডরুম এবং এর মধ্যবর্তী সকল স্তরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে মাইকের অঙ্গীকার ও নেতৃত্বের জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’ বিদায়ী চেয়ারম্যান বেয়ার্ড বলেছেন, ‘আমি আনন্দিত যে আনুষ্ঠানিক চেয়ারম্যান প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ডেভিড বুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের ভূমিকা গ্রহণ করতে সম্মত হয়েছেন এবং আগামী সপ্তাহগুলোতে আমি ডেভিডের সাথে একটি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করব।’