সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় স্পিনার শ্রী চরণি। এবার তার পুরস্কারই পেলেন তিনি। টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান নিশ্চিতের পাশাপাশি ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন চরণী। সেই সঙ্গে ইতিহাসের সর্বকালের সেরা বোলিং রেটিং স্পর্শ করার একেবারেই কাছাকাছি পৌঁছে গেছেন ভারতীয় স্পিনার।
নারী টি-টোয়েন্টি বোলিংয়ের ইতিহাসে এখন পর্যন্ত সেরা রেটিং পয়েন্টের মালিক অস্ট্রেলিয়ার পেসার মেগান স্কুট। সর্বোচ্চ ৮০৬ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। এবার তার একদম কাছাকাছি চলে গেছেন চরণী। ভারতীয় এই বোলারের বর্তমান রেটিং পয়েন্ট ৮০৪। আর কেবল ৩ রেটিং পয়েন্ট অর্জন করতে পারলেই নিজেকেই অনন্য উচ্চতায় নিয়েছেন যাবেন এই স্পিনার।
এই তালিকার তিন নম্বরে আছেন ইংলিশ স্পিনার সোফি একলস্টোন (৮০২)। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলের। আর পাঁচ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার শেলি নিটশকে।
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটসহ পুরো টুর্নামেন্টে মোট ১২টি উইকেট শিকার করেন শ্রী চরণী। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৮০০ পয়েন্টের কোটা পার করার কীর্তিও গড়েছেন তিনি।
এদিকে এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। ফলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইয়ে এখন চরণীর প্রধান প্রতিদ্বন্দ্বী তার দলের এই সতীর্থই।