ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ (বিপ্লব), তার স্ত্রী ফারজানা আবেদীন এবং সাব-রেজিস্ট্রার মো. গোলাম মোর্তজা লিটন, তার স্ত্রী, বাবা ও মায়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।
দুদক জানায়, সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ (বিপ্লব) এবং তার স্ত্রী ফারজানা আবেদীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয় উঠে। অভিযোগের অনুসন্ধান শেষে তাদের সম্পদের হিসাব চেয়ে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নেয় দুদক।
অন্যদিকে প্রায় ৪ কোটি ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চুয়াডাঙ্গার সাব-রেজিস্ট্রার মো. গোলাম মোর্তজা লিটন, তার স্ত্রী, বাবা ও মায়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।
নোটিশে পরিবারের চার সদস্যের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। নোটিশের মাধ্যমে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দাখিল করতে বলা হবে বলে দুদকের নোটিশে বলা হয়েছে।