৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চাষিদের হাতে এ প্রণোদনা তুলে দেন তিনি। তার আগে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বলে বাটন প্রেস করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক টাকা মোবাইলে চলে যাওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে জনসভায় উপস্থিত হাজার হাজার নেতাকর্মীও ‘আলহামদুলিল্লাহ’ বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতাকর্মীরা এই জনসভায় উপস্থিত রয়েছেন।
ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রংপুর থেকে বেলা ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।