লিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেছেন সাইফ আলী খানের কন্যা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার মাধ্যমেও নিয়মিত আয় করছেন তিনি। সম্প্রতি আলোচনায় এসেছে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ ও তার পারিশ্রমিকের হিসাব।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি টাকা। ২০২১ সালে তা বেড়ে আনুমানিক ২০ কোটি টাকায় দাঁড়ায়। ২০২৫ সালে সম্পদের পরিমাণ প্রায় ২৪ কোটি টাকা বলে জানা গিয়েছিল। তবে সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে তার সম্পদে এসেছে বড় ধরনের পরিবর্তন।
অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিক সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে জানা গেছে, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নিয়েও মোটা অঙ্কের অর্থ আয় করেন। একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিতে তার পারিশ্রমিক প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে।