বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনের মধ্যের ভালোবাসার বন্ধন আর পারস্পরিক শ্রদ্ধাবোধ সবসময়ই ভক্তদের কৌতুহলের কেন্দ্রে। অভিনয়ে দুজনেই তৈরি করেছেন নিজ নিজ স্বতন্ত্র অবস্থান।
কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের চিন্তাভাবনা নিয়েও প্রায়ই কথা বলেন এই বাবা-ছেলে। সম্প্রতি নিজের ব্লগে ছেলে অভিষেকের সঙ্গে সম্পর্ক এবং দুই প্রজন্মের ভাবনার পার্থক্য নিয়ে এক আবেগঘন মন্তব্য শেয়ার করেছেন বিগ বি।
অমিতাভ বচ্চন তার ব্লগে লেখেন, ‘বাবা ও ছেলের দৃষ্টিভঙ্গি ও মতামত ভিন্ন হতে পারে, কিন্তু দিনশেষে তাদের মূল উদ্দেশ্য একই থাকে। দৃষ্টিভঙ্গির অমিল থাকলেও একই মঞ্চে দাঁড়িয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণে বাবা-ছেলে দুজনকেই দৃঢ়প্রতিজ্ঞ হওয়া উচিত।’
পরিবারের মধ্যেও যে দুই প্রজন্মের চিন্তা ও দর্শনে পার্থক্য থাকা স্বাভাবিক, সে বিষয়টি তুলে ধরে বর্ষীয়ান এই অভিনেতা জোর দিয়ে বলেন, ‘চিন্তাধারায় অমিল থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্কের মূল ভিত্তি কখনো নড়ে যায় না।’
নতুন প্রজন্মের ভাবনার প্রতি নিজের আস্থার কথা জানিয়ে বিগ বি আরও লেখেন, ‘আমি নতুন প্রজন্মকে সর্বদা সম্মান করি। যদিও আমাদের আইডিয়া বা পথ আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একই। আর সেই পথ এমন এক জায়গায় গিয়ে মেলা উচিত, যা সবার জন্য কল্যাণ বয়ে আনে।’
অভিষেকের সঙ্গে সম্পর্কের পেছনের মূল রসায়ন ব্যাখ্যা করে অমিতাভ লেখেন, ‘এই সম্পর্কটি হলো একে অপরকে জানা, বোঝা এবং নতুন করে আবিষ্কার করার গল্প। ভালোবাসা আর শ্রদ্ধাবোধই এই বন্ধনের মূল চালিকাশক্তি।’